সুদেষ্ণা মন্ডল, ডায়মন্ডহারবার: চুরি যাওয়া প্রায় ২০০টিরও বেশি মোবাইল ফোন প্রাপকদের ফিরিয়ে দিলেন ডায়মন্ডহারবার পুলিশ। প্রাপ্তি নামক একটি ওয়েব পোর্টালের সাহায্যে ফোনগুলি উদ্ধার করা হয়। চুরি হয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে সাধারণ মানুষেদের মুখে হাসি ফুটেছে। আর সাধারণ মানুষদের হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ফোনগুলি ফিরিয়ে দিতে পেরে ডায়মন্ডহারবার থানার পুলিশরাও বেজায় খুশি।
{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবার থানার পুলিশদের উদ্যোগে প্রাপ্তি বলে একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে। ডায়মন্ড হারবার থানা এলাকার মানুষদের মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে লোকাল থানাতে অভিযোগ দায়ের করলে ওই পোর্টালে আপডেট করা হবে। এরপর আইএমআই ট্যাগ করে সেই ফোনগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি মোবাইল ফোনটি কোথায় রয়েছে, পুলিশ ফোনটি উদ্ধার করতে পেরেছে কিনা, সবই জানা যাবে ওই পোর্টালের মাধ্যমে। এক মোবাইল গ্রাহক জানান, গত দুদিন আগে তার একটি মোবাইল চুরি হয়ে গিয়েছিল। দুদিনের মধ্যে ফোনটি ফিরে পেয়ে অত্যন্ত খুশি এই মোবাইল গ্রাহক। পাশাপাশি আরও এক গ্রাহক জানান, হারিয়ে যাওয়া ফোনটি যে ফিরে পাওয়া যাবে তা তিনি ভাবতেও পারেননি। তবে থানা থেকে ফোন করার পর খবরটি পেয়ে তিনি অত্যন্ত খুশি। তিনি আরও বলেন, তিনি শুনেছিলেন ডায়মন্ডহারবার পুলিশ প্রাপ্তি নামক একটি ওয়েব পোর্টাল শুরু করেছে তবে ওখান থেকে নিজের মোবাইল ফোন ফেরত পেয়ে তার খুবই ভালো লাগছে।
