নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: এক মহিলাকে খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম রানা সিং। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত দুর্গাপুরের মুচিপাড়া এলাকায়। খুন করার পর অভিযুক্ত পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।
{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মুচিপাড়া সংলগ্ন এলাকায় প্রতিবেশীদের মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময়ই প্রতিবেশী মহিলা মনি মুর্মু ও উত্তম মুর্মু নামের এক ব্যক্তির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই ধৃত যুবক। এরপর তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দেন রানা। স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর জখম অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনি মুর্মুর।
{link}
এই ঘটনার তদন্ত করছিল কাঁকসা থানার পুলিশ। চলছিল চিরুনি তল্লাশি। অবশেষে প্রতিবেশী রানা সিং -কে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
