নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ সকাল থেকেই বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে আসছিল দুর্গন্ধ। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙতেই চোখে পড়ল বীভৎস দৃশ্য। শনিবার সকালে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ব্রজনাথ লাহিড়ী লেনে। ওই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
{link}
জানা গেছে, স্বপ্না দাস নামের ৬৫ বছরের ওই বৃদ্ধা ফ্ল্যাটে একাই থাকতেন। আগে তিনি নার্সের কাজ করতেন। কিন্তু বয়সজনিত কারণে তিনি আর নার্সের কাজ করতে পারতেন না। তাই বাড়ি বাড়ি রান্নার কাজ করে কোনরকমে সংসার চালাতেন। দু'দিন ধরে ফ্ল্যাটের বাইরে তাঁকে দেখা যাচ্ছিল না। হঠাৎ আজ সকালে ফ্ল্যাটের বাসিন্দারা ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে স্বপ্নাদেবীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।
{link}
খুন নাকি আত্মহত্যা? নাকি বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু, তা জানতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের কাছে স্বপ্না দেবীর মৃত্যুর বিষয়টি সম্পূর্ন অজানা। প্রায়শই শোনা যাচ্ছে,বন্ধ ফ্ল্যাট বা বাড়ি থেকে বৃদ্ধ কিংবা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একা থাকার কারণেই শরীর অসুস্থ হলেও তিনি তার নিকট আত্মীয় বা প্রতিবেশীদের আর খবর দিতে পারছেন না। ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানরা কর্মক্ষেত্রে অনেক দূরে থাকার কারণে বৃদ্ধ দম্পতি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। অনেক্ক্ষেত্রে মানসিক অবসাদ থেকেই তারা নিজেদের ন্যুনতম চিকিৎসাটাও করাতে পারছেন না। পরিনতি সেই মৃত্যু।
