সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ এমনিতেই বিধায়কের সঙ্গে ছায়ার মত রয়েছে তিনজন দেহরক্ষী। কিন্তু তাতেও তার প্রাণ সংশয়ের আশঙ্কা কাটছে না। তাই আরও একজন দেহরক্ষী বাড়ানোর দাবিতে বুধবার পুলিশ সুপারের কাছে আবেদন করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তার। বিষয়টি জরুরী ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কি এমন হল, যে জীবন সংশয়ের আশঙ্কা করছেন বাসন্তীর বিধায়ক?
{link}
শ্যামল বাবুর দাবি, বাসন্তী, ক্যানিং সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজের জন্য তাকে ঘুরে বেড়াতে হয়। তিনি যখনই কোন অন্যায় দেখেছেন, সঙ্গে সঙ্গে সেই কাজের প্রতিবাদ করেছেন। যার ফলে বেশ কিছুদিন ধরে তিনি নানা ধরনের হুমকি পাচ্ছেন। তিনি আরও বলেন, বেশ কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অনেক জায়গায় পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণও করেছে। আর সেই কারণে বিধায়ককে নানা জায়গায় হুমকি ও পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। যার কারণে নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
{link}
প্রসঙ্গত, সম্প্রতি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর বাসন্তীবাসীর উদ্দেশ্যে শ্যামলবাবু করজোড়ে আবেদন করেছিলেন যাতে বাসন্তীর মানুষ বোমা, বন্দুক প্রশাসনের কাছে তুলে দিয়ে বাসন্তীতে শান্তি ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তার সেই নিবেদনের পর প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত একজনও নিজে থেকে থানায় অস্ত্র ফেরত দেয়নি।
