নিজস্ব সংবাদদাতা, মালদাঃ মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পণ্যবাহী লরি এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই পণ্যবাহী লরিটিতে আগুন ধরে যায়। সেই আগুনে পুরো লরিটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম নয়ন মন্ডল (২০)। তিনি হবিবপুর থানার আকতয়েল এলাকার বাসিন্দা। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকার মালদা - নালাগোলা রাজ্য সড়কে।
{link}
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইট বোঝাই লরিটি মালদা থেকে হবিবপুরের দিকে আসছিল। জানা যায় ঠিক তখনই একটি বাইক ডুমুরতলা এলাকার রাজ্য সড়কের কাছে রাস্তায় ডিভাইডার থাকাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার তলায় ঢুকে যায়। বিকট আওয়াজের পর মোটর বাইকের পেট্রোল থেকে লরিতে আগুন ধরে যায় । রাস্তার মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দিলে মালদা শহর থেকে তৎক্ষনাৎ দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আশেপাশের লোকজন এসে জখম মোটর বাইক আরোহীকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।
{link}
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘাতক লরি এবং দুমড়ে মুচরে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে তদন্তকারী পুলিশকর্তারা। লরির চালক পলাতক এমনটাই জানিয়েছে মালদা থানার পুলিশ।

