নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ২। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর। সোমবার ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ললুয়াপাড়া এলাকায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ওইএলাকার দুই ব্যক্তি একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই তাদের কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করেন। আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেন তারা। তাদের বেধড়ক মারধরও করেন। বর্তমানে ওই দুই ব্যক্তি গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ওই দুষ্কৃতীরা ললুয়াপাড়া এলাকারই বাসিন্দা। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সোমবার রাতে পুলিশকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন।
{link}
দীর্ঘক্ষণ অবরোধের জন্য ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে নিত্য যাত্রীরা চরম সমস্যায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। তবে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে আরও বড় সড়ক আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।
