নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আবারও এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদীয়া। এবার আত্মঘাতীর সময় ফেসবুক লাইভ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন বাসন্তী পাড়া এলাকার। মৃতের নাম রবি বিশ্বাস (২১)।
{link}
পরিবার সূত্রে খবর, গত কাল রাত্রি আটটা নাগাদ ওই যুবক তার নিজের ঘরে ফেসবুক লাইভ অন করে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরিবারের লোকজন রাত্রি নটা নাগাদ ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর তার পরিবারের সদস্যরা তড়িঘড়ি ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। মৃতের স্ত্রীর দাবি , ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। গত ৭ দিন আগে তিনি শান্তিপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু কি কারণে হঠাৎ তিনি ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন তা নিয়ে রীতিমতো উঠছে প্রশ্ন। যদিও তার পরিবারের দাবি, ওই যুবক ভিন রাজ্যে চলে যাওয়ার পরেই তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়।
{link}
এদিন আত্মহত্যার ঘটনা শুনে যুবক রবি বিশ্বাসের স্ত্রী ছুটে আসেন হাসপাতালে। এই ঘটনায় স্ত্রী রুপালি বিশ্বাস কে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করে। তবে যুবকের মৃত্যুর পেছনের কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
