নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম কেয়া ঘোষ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকায়। গৃহবধূর পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কেয়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তারা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
{link}
জানা গিয়েছে, দুই বছর আগে ওই এলাকারই যুবক বিকাশ সরকারের সঙ্গে কেয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কেয়ার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। অনেকবার কেয়ার পরিবার এর প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি । শনিবার সকালে কেয়াকে অনেকক্ষন ডাকাডাকি করেও কোন সাড়া না মেলায় ঘরে ঢুকে দেখা যায় ওই গৃহবধূ ঝুলন্ত অবস্থায় রয়েছে। গৃহবধূর মা শিবানী ঘোষের দাবি, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তারা চাইছেন অভিযুক্তদের আইনত সাজা হোক।
{link}
ঘটনাটি খতিয়ে দেখছেন শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি কি কারনে এই আত্মহত্যা, এটি আত্মহত্যা নাকি খুন, এই মৃত্যুর পেছনের আসল কারণ কি? তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে এটি আত্মহত্যা নাকি খুন।
