নিজস্ব সংবাদদাতা, নদীয়া: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য নদীয়া। ঘটনাটি ঘটেছে নদীয়ার গাংনাপুর থানা এলাকায়। মৃত ব্যাক্তির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মতামত অনুযায়ী ওই ব্যাক্তি এলাকার বাসিন্দা নন। যার ফলে খুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
{link}
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে স্থানীয় কিছু বাসিন্দা গাংনাপুর থানা এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তারা খবর দেয় গাংনাপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহটি উদ্ধার করে। এরপর পুলিশ মৃতদেহটি রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে পারেনি পুলিশ।
{link}
আপাতত পুলিশ ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে। পুলিশের অনুমান, ওই মৃতদেহের পরিচয় জানতে পারলেই কি কারণে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। যদিও এই ঘটনার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাতের অন্ধকারে কিভাবে একজন ব্যক্তিকে এইভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যেতে পারে দুষ্কৃতীরা তা নিয়েই আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
