সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা : নিজের ছোট্ট ফুটফুটে মেয়েকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক মহিলার। মৃত মহিলার নাম প্রতিমা মাঝি গায়েন, বয়স ২৬। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের চক ফুলডুবি গ্রামের বাকিপুরে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া।
{link}
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই দেড় বছরের ছোট মেয়ে সুনিতা গায়েন খেলা করছিল। সেই সময় হঠাৎই অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সুনিতা। এই দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি সুনিতার মা। মেয়েকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেন তিনি। এরপর মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয় মেয়ে ও মায়ের। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। বেশ কয়েক ঘন্টা খোঁজার পর স্থানীয়রাই পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার পুলিশ। তারা এসে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় কার্যত শোকের ছায়া গায়েন পরিবারে।
