সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার ভোরে রক্তাক্ত ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল। ট্রেনে প্রকাশ্যে ব্যবসায়ীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতিদের। ঘটনায় গুরুতর যখম এক ব্যাক্তি। সূত্রের খবর আহত ব্যাক্তির নামে মসিয়ার জমাদার(৩৮)। তিনি পেশায় ব্যবসায়ী ও নেতড়ার বাসিন্দা। ঘটনাটির ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে তাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার মধ্যে। পরে দেউলা স্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
{link}
সূত্রের খবর, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। নিত্যদিনের মতো রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরোনো শত্রুতা রয়েছে বলে মনে করছে মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবে ট্রেনের মধ্যে এই ঘটনা কে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।
