নিজস্ব সংবাদদাতা, হাওড়া: লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে লিলুয়ায় কোনা পেয়ারাবাগান এলাকায়। পরিবার সূত্রের খবর, স্ত্রী কাজলের সঙ্গে রাতে তাঁর স্বামী দেবাশিস দাসের তুমুল অশান্তি হয়েছিল। এরপরই ঘটে ওই ঘটনা। মৃতার স্বামীর দাবি, মদ খাওয়া নিয়ে অশান্তি হলেও স্ত্রীকে মারধোর করেননি তিনি। সকালে ঘুম ভেঙে দেখেন তাঁর স্ত্রী সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। সেই দৃশ্য দেখেই আতঙ্কিত হয়ে পড়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার স্বামী। সম্পূর্ন ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ।
{link}
মৃতার পরিবারের অভিযোগ, প্রায়ই মদ খেয়ে কাজলের উপর অত্যাচার করত স্বামী দেবাশিস। এর আগে দু'বার থানায় অভিযোগ জানানো হয়েছিল। ঘরে সকলে থাকা সত্বেও কী করে কাজল আত্মহত্যা করতে পারে সে প্রশ্ন তোলেন তাঁরা। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ, স্বামী ও শ্বশুর মিলে খুন করে দেহ সিলিংফ্যানে ঝুলিয়ে দেয়। ঘটনাটির সময় ওই দম্পতির একমাত্র পুত্র সন্তান ওই ঘরেই ছিল। এই ঘটনার ক্ষেত্রে তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ন হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। খুন নাকি আত্মহত্যা? প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ।
