ভোটের প্রচারে কত কিছুই না হয়ে থাকে। কিন্তু এহেন ঘটনা সত্যিই বিরল। প্রচারে নেমে একেবারে দৌড় লাগালেন প্রার্থী। সোমবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘটনা। ওই কেন্দ্রের তৃনমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডে প্রচারে এসে একেবারে দৌড় লাগিয়ে বসলেন। উপস্থিত সাধারন মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মী সকলেই অবাক। কিন্তু কেন দৌড় লাগালেন অভিনেত্রী?
অন্য সব দিনের মতো আজও সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি। উপস্থিত হয়েছিলেন ৭৭নং ওয়ার্ডের বাঁধ অঞ্চলে। ঢাক বদ্যি ও সমর্থকদের নিয়ে প্রচার পর্ব করছিলেন তিনি। কিন্তু কর্মী সমর্থকদের সাথে ঘেরা বন্দি থাকায় সায়নী এদিন সকালে কিছুতেই যেন স্থানীয় ভোটারদের কাছে পৌঁছাতে পারছিলেন না ৷ পাশাপাশি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভোটারদের সাথে করমর্দন বা আলাপচারিতাও সারতে পারছিলেন না ৷ যার ফলে স্বাভাবিক ভাবেই তাকে অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছিল। তাছাড়া দলের কর্মী সমর্থকেরাও যেন বারবার প্রার্থীর ঘাড়ে এসে পড়ছিলেন ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই কর্মী সমর্থকদের ভীড় থেকে নিজেকে দূরে সরাতে হঠাৎই তিনি দৌড় লাগিয়ে বসেন ৷ যার ফলে কর্মী সমর্থকদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় অভিনেত্রীর। তিনি নির্দেশ দেন সেই দূরত্ব বজায় রাখতে ৷ এরপরেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্থানীয় ভোটারদের সাথে হাসিমুখে করমর্দন করেন ৷
তবে এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে বেরিয়ে স্থানীয় কর্মী সমর্থকদের থেকে দূরত্ব বজায় রেখে প্রচার কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কী প্রার্থী তার কর্মী সমর্থকদের থেকে কোনভাবে অত্যাচারিত হচ্ছেন? অথবা, বিশ্বাস রাখতে পারছেন না তাদের উপরেই? স্বাভাবিক ভাবেই কোন প্রশ্নের উত্তরই এখোনও জানা সম্ভব হয়নি।
