শুক্রবার সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন করা হল একটি নতুন ফুটওভার ব্রিজের। ব্রিজটি সাঁতরাগাছি স্টেশনের উভয় প্রান্ত থেকে কোনা এক্সপ্রেসওয়ের সংযোগ গড়ে তুলেছে। এই ফুট ওভার ব্রিজটি ১৬৬ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া। তৈরি করতে মোট খরচ পড়েছে ১৫ কোটি টাকা। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে চওড়া ফুট ওভারব্রিজ। স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মকে সংযুক্ত করে বীরদর্পে সাঁতারাগাছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে নবনির্মিত ব্রিজটি। এর ফলে যে স্টেশনে যাত্রী চলাচলের ক্ষেত্রে এক বিপুল সুবিধা নিয়ে আসতে চলেছে এই ব্রিজটি তা কার্যত স্পষ্ট।
দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া স্টেশন টার্মিনাল সুবিধার সাহায্যে শহরতলীর ট্রেন সহ মেল/এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন চালাচ্ছে। হাওড়া স্টেশনের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিদ্যাসাগর সেতুর মাধ্যমে সমগ্র কলকাতার সঙ্গে ভাল যোগাযোগ আছে এরূপ প্রান্তিক স্টেশন হিসেবে সাঁতরাগাছির উন্নতিসাধন করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে ভারতীয় রেলের অন্যান্য বড় স্টেশনগুলির মতোই সাঁতরাগাছি স্টেশনে সবরকম অত্যাধুনিক যাত্রী স্বাচ্ছেন্দযমূলক ব্যবস্থা করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে, সাঁতরাগাছি স্টেশনের উভয় প্রান্ত থেকেই কোনা এক্সপ্রেসওয়ে সংযোগকারী বর্তমানে একটি ফুট ওভারব্রিজের অতিরিক্ত আরও দুটি নতুন ফুট ওভারব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে, স্টেশনে বসেছে এক্সক্যালেটর, যার কাজ প্রায় শেষের মুখে খুলে যাবে আর কিছুদিনের মধ্যেই। হাওড়ায় এই সাঁতরাগাছি স্টেশনের ভবিষ্যতে আরো বড়ো এবং উন্নত এক স্টেশন হিসাবে ভারতের মানচিত্রে নাম লেখানো শুধুই সময়ের অপেক্ষা।
