শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে হদিশ পাওয়া গেলো মূল রেজোলিউশনের কপি। আজ শোভনদেব চট্টোপাধ্যায় সি আই ডির হাতে সেই কপি তুলে দেন। আজ শনিবার সকালে তৃণমূলের এই প্রবীণ বিধায়কের ভবানীপুরের বাড়িতে হাজির হন সিআইডির ৬ আধিকারিক। জানা গিয়েছে, তৃণমূল বিধায়কই আধিকারিকদের এদিন তাঁর বাড়ি আসতে বলেছিলেন। তদন্তকারীরা তৃণমূলের রেজোলিউশনের কপি খুঁজছিলেন। এদিন ওই কপি আধিকারিকদের হাতে তিনি তুলে দিয়েছেন। শুধু তাই নয়, সইয়ের দিন একজন বাদে তৃণমূল বিধায়কদের সকলেই উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব। বিদ্রোহী নেতারা চক্রান্ত করেছেন বলে তিনি এদিন অভিযোগ করেন। এদিন শোভনদেব বলেন, “কোর্টে কেস আছে। আমি একটা শব্দও বলব না। তবে ২০০ শতাংশ সহযোগিতা করছি।আগামিদিনেও করব। এর বেশি কিছু বলার নেই। তবে এ সব যাঁরা করেছেন, বিশেষ ইন্টারেস্ট নিয়ে এসেই করেছেন।”
তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রেজোলিউশন কপিতে তৃণমূল বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিদ্রোহী হয়ে ওঠেন তৃণমূলের বড় অংশের বিধায়করা। শুরু হয় তৃণমূল কংগ্রেসের মুষলপর্ব। একে একে তৃণমূল বিধায়করা ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাতে থাকেন। তাঁদের ‘আসল তৃণমূল’ হিসেবে দাবি করেন বিদ্রোহীদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই মুহূর্তে তাঁরাই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ঘোষিত। এদিকে সই জাল কাণ্ডের অভিযোগের তদন্ত শুরু করে সিআইডি। রেজোলিউশনের কপি খোঁজার জন্য তৃণমূলের কালীঘাটের ওই কার্যালয়েও গিয়েছিল সিআইডি টিম। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে। সই জাল কাণ্ডে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছিল।
