শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরের চিটফান্ড কান্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। তাতেও মানুষ সচেতন হয় নি। আর সেই সুযোগটাই নিচ্ছে প্রতারকেরা। আর তার সঙ্গে যদি রাজনীতির যোগ থাকে তাহলে তো সোনায় সোহাগা। ফের প্রকাশ্যে উঠে এল এমনই ঘটনার খবর। একধাক্কায় ৩০০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃত ব্যক্তির আবার শাসক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও জানা গিয়েছে।
{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ৩৫০ কোটি টাকা প্রতারণার খবর ছড়িয়ে পড়ার দিন তিনেকের মধ্যেই হাতেনাতে পাকড়াও মূল অভিযুক্ত। শনিবার রাতে আসানসোল থেকে ১৯ নং জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ডে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। উত্তর আসানসোলের চন্দ্রচূড় মোড়ের কাছে গ্রেপ্তারির পর তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো গ্রাম সোনা, যার বাজারমূল্য ৪০ লক্ষ টাকারও বেশি। পুলিশ সূত্রে খবর, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছিল। তহসিনের গতিবিধির দিকে নজর রেখে এদিন ফাঁদ পেতে তাকে জালে আনা হয়।
