নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ তৃণমূলে যোগ দেওয়ার পর স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে থাকেননা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বর্তমান পরিস্থিতিতে এবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা খাঁ। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে এসে তিনি এই আবেদন করেন। যদিও লক্ষ্যনীয়ভাবে সাংসদ স্বামীর বিরুদ্ধে এদিন তিনি কোন অভিযোগই করেননি।
যদিও একটা সময় শুরুর দিকে সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন, এমনকি গত জানুয়ারী মাসে এবিষয়ে মামলাও দায়ের করেছিলেন তিনি। সেই সময় সুজাতা খাঁ 'ডিভোর্স চাননা' বলে জানিয়েছিলেন। তবে এদিন স্ত্রী সুজাতার ডিভোর্সের মামলা প্রসঙ্গে সাংসদ সৌমিত্র খাঁ-র কোন প্রতিক্রিয়া মেলেনি।প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ঐ ঘটনার ঠিক দু'বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুজাতা খাঁ।
{link}
এদিন সুজাতা খাঁ বলেন, 'ময়দানের মেয়ে ময়দানেই আছি 'নিজের ব্যক্তি পরিচয় মানুষের কাছে প্রতিষ্ঠিত করে নিয়েছি।' এরপরেই সৌমিত্র খাঁ এর নাম না করে তিনি বলেন, 'আমার দয়াদাক্ষিণ্যে কেউ পরিচিতি পেয়ে আছে' এটা ভেবেই ভালো লাগে। 'ডিভোর্স' প্রসঙ্গে এক প্রশ্নের তিনি বলেন, 'কেস চলছিল, আমি মিউচ্যুয়েল ফাইল করলাম'। এদিন মূলত তাঁর মিউচ্যুয়েল ফাইল করতেই আদালতে আসা বলেও তিনি জানান।
