নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শুক্রবার সকালে দাশনগরের নিউ মোল্লাপাড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবক স্থানীয় শেখপাড়ার বাসিন্দা। যুবককে খুন করা হয়েছে বলে সন্দেহ স্থানীয় মানুষের। হাওড়ার দাশনগর থানা এলাকার অন্তর্গত বালটিকুরি নিউ মোল্লাপাড়া জাপানিগেটের কাছে স্থানীয় মানুষেরা সকালে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সম্পূর্ন বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। একই সাথে এই ঘটনার সাথে উঠে আসছে বৃহস্পতিবার রাতে একটি চুরির ঘটনার কথা, স্থানীয় এলাকার একটি ব্যাটারির দোকানে চুরি হয়েছে। এই মৃত্যুর সাথে চুরির যোগসূত্র আছে বলেই ধারণা স্থানীয়দের।
{link}
স্থানীয়দের অভিযোগ, এই ছেলেটির সাথে সকলেরই খুবই ভালো সম্পর্ক ছিল। পরিবারের কেউ না থাকায়, সে স্থানীয় দোকানগুলিতেই বসে থাকত। এমনকি রাতে পাহারা দেওয়ার কাজও করত সে। বৃহস্পতিবার রাতে ওই এলাকার একটি ব্যাটারির দোকানে চুরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ঘটনা দেখে ফেলায় কিংবা দুষ্কৃতিদের চিনে ফেলায় তাকে মেরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন।
