শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার অবৈধ নির্মাণের অভিযোগের ভিত্তিতে আংশিকভাবে ভাঙা পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। প্রসঙ্গত, বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে বুলডোজার অভিযান চলছে। হাওড়া, কলকাতা সর্বত্র একই ছবি। এবার সেই অভিযানের অংশ হিসেবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়িতে পৌঁছল নোটিস। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতা পুরসভার তরফে শান্তিনিকেতন ও কালীঘাটের একটি বাড়িতে নোটিস পাঠানো হয়েছে।
নোটিস প্রাপ্ত দুটির মধ্যে প্রথমে রয়েছে হরিশ মুখার্জি রোডের ১৮৮এ ঠিকানার বাড়ি। এই বাড়িটি কলকাতা শহরে 'শান্তিনিকেতন' হিসাবেই সুপরিচিত। এখানেই অভিষেক বন্দোপাধ্যায় সপরিবারে বসবাস করেন। অন্য বাড়িটি ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১২১ কালীঘাট রোডে। এই সম্পত্তিটি তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে নথিভুক্ত হলেও, 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। পুরসভার তরফে সম্প্রতি অভিষেকের এই সম্পত্তিগুলির খতিয়ান চাওয়া হয়েছিল।
পুরসভা সূত্রে খবর, নির্মাণগুলিতে প্ল্যান-বহির্ভূত অংশ রয়েছে। অতিরিক্ত নির্মাণের জন্য অনুমতি ছিল কিনা, তা জানতে চেয়ে ৭ দিনের মধ্যে বেআইনি অংশগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক নিজে উদ্যোগ সেই অংশ ভেঙে না দিলে পুরসভার তরফে সেই অংশগুলি ভেঙে দেওয়া হবে। এটির আইন রয়েছে। সাতদিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। যদি বাড়ির মালিক নিজে না ভাঙেন তাহলে পুরসভা কেন ভাঙবে না তা জানাতে হবে। জবাব সন্তোষজনক না হলে পুরসভা আইন মোতাবেক কাজ করবে। একইসঙ্গে পুরসভা বাড়িটি ভেঙে দিলে তার খরচ বাড়ির মালিককেই বহন করতে হবে। ফলে, স্পষ্টভাবেই নিজের এই দুই সম্পত্তিকে নিয়ে বিপাকে পড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।
