শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে আম্বানি, আদানিদের যে বিশেষ সম্পর্ক আছে তা সর্বজন বিদিত। এবার তা স্পষ্ট করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমের বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি জানান, ভোটের ফল প্রকাশের পরদিন তাঁকে ফোন করেন খোদ আদানি। জানান, তিনি বাংলার পালাবদলের পর ১০ লাখের মিষ্টি বিলি করেছেন! তৃণমূল জমানায় একাধিকবার বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু বাংলায় শিল্প আসেনি। তবে পালাবদলের পরই দেখা গিয়েছে রাজ্যে এসেছেন করণ আদানি। দাদনপাত্র বারের গভীর সমুদ্র বন্দরের দীর্ঘদিনের জমি জটিলতা মিটেছে। পরবর্তীকালে বাংলায় একাধিক প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ। নিউটাউনে আদানিরাই তৈরি করছে অত্যাধুনিকমানের হাসপাতাল। অর্থাৎ তৃণমূল সরকারের পতন হতেই বাংলায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন শিল্পপতিরা। আজ বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে আদানির সঙ্গে সুসম্পর্কের কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
শুভেন্দু এদিন জানান, ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। তাঁদের গোপন কথা ফাঁস করেন শুভেন্দু। জানান গৌতম আদানি তাঁকে বলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।”
