তথাগত ঘোষ, হাওড়া: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বড় স্বস্তি পেতে চলেছেন বাকসাড়াবাসী। আনুমানিকভাবে ২০২৭ সালের জুলাই মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বাকসাড়া রেলওয়ে আন্ডারপাসের কাজ। রিজনড অর্ডারে এমনই জানিয়েছে রেল কতৃপক্ষ। অর্থাৎ, আনুমানিকভাবে আর ৯ মাসের অপেক্ষা। তারপরেই এই দৈনন্দিন যাতায়াতের দীর্ঘ সময়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাকসাড়া এলাকায় বসবাসকারী মানুষজন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এই রেলওয়ে আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক কিছু কাজ এগিয়ে রাখছে রেল কতৃপক্ষ। তবে, বর্ষাকাল চলার কারণে মূল কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। মূল কাজ অর্থাৎ, আন্ডারপাসের খননকার্য বর্ষাকাল শেষ হলেই শুরু করা হবে। একইসঙ্গে যতদিন আন্ডারপাসের কাজ চলবে সেই সময়ের জন্য কিছু বিশেষ সুবিধা প্রদান করার কথা জানিয়েছে রেল।
সকাল ৮ টা থেকে ১২ টা ও বিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত ইঞ্জিন যাতে দাঁড়িয়ে না থাকে এবং রেলগেট তাড়াতাড়ি খুলে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি যাতে আটকে না পড়ে এবং রেলগেট সংলগ্ন এলাকা যাতে যানজট মুক্ত থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে স্পেশাল ফোর্স মোতায়েন করার নির্দেশ দিয়েছে রেল কতৃপক্ষ। সবমিলিয়ে যতদিন পর্যন্ত না আন্ডারপাস তৈরি হচ্ছে, সেই সময়টুকুও যাতে বাকসাড়াবাসীকে ভোগান্তির মুখে পড়তে না হয় সেই বিষয়টির উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এককথায় দীর্ঘদিনের দুর্ভোগের হাত থেকে মুক্তি পেতে চলেছেন বাকসাড়াবাসী। আন্দোলনকারীদের সাফ বক্তব্য, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সকল বাকসাড়াবাসী একত্রিতভাবে এই আন্দোলনে সামিল হয়েছেন। এই জয় তাঁদের সকলের। এই আন্ডারপাস বাকসাড়াবাসীর ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। অপেক্ষা আর মাত্র কিছু সময়ের।
