শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সালানপুর ব্লকের BDO অফিসে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বারাবনি বিধানসভা এলাকার সালানপুর ব্লক অফিসে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম মেনে ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন। কিন্তু তারপরও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। বারবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
বিক্ষোভের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজনার মধ্যে অফিসে থাকা কয়েকটি চেয়ারও ফেলে দেওয়া হয়। খবর পেয়ে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহিলাদের প্রশ্ন, তাঁরা যদি সঠিকভাবে ফর্ম পূরণ করে আবেদন করে থাকেন, তাহলে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কেন আসেনি? তাঁদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে তাঁদের প্রাপ্য টাকা পাওয়ার ব্যবস্থা করুক।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদন বাতিল হওয়ার খবর সামনে এসেছে। সেই পরিস্থিতির মধ্যেই সালানপুরে টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের এই বিক্ষোভ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
