শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে বিপুল জয় পাবার পরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন। রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়ার এক শারদ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। উপনির্বাচনের রেকর্ড ভোটে নন্দীগ্রাম কেন্দ্রটি জয়ের পর এদিন প্রথম সেখানে গেলেন শুভেন্দু। সেখানে স্থানীয় বাসিন্দাদের উপহার বিতরণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘আমি আজীবন নন্দীগ্রামের ভোটার হয়ে থাকব, এখানকার জন্য কাজ করে যাব। নতুন বিধায়ক হাসিরানি রথ আপনাদের সেবিকা হিসেবে সব কাজ করবেন। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ধাপে ধাপে সেসব হবে। আর এখানকার পঞ্চায়েত সদস্যদের বলছি, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চলবেন। ঔদ্ধত্য, অহংকার দূর করতে হবে। কারও সঙ্গে এমন কোনও আচরণ করবেন না, কাজ করবেন না যাতে লোকে বলার সুযোগ পায়, আবার একটা জাহাজ বাড়ি হয়েছে।”
দলীয় নেতা-কর্মীদের তোলাবাজি নিয়েই পরোক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে সুফিয়ানের জাহাজ বাড়ি নিয়ে নানা গল্প আছে। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, দেদার তোলাবাজির টাকায় ওই বাড়ি তৈরি হয়েছে। দুর্নীতির অভিযোগে তদন্ত করতে বেশ কয়েকবার সেই জাহাজ বাড়িতে গিয়েছে সিআইডি।কিন্তু সুফিয়ানকে পাওয়া যায়নি। তাঁর বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে, নতুন সরকার আসার পর থেকে সেখানকার তৃণমূল নেতারা অনেকে নিজেদের বিজেপি বলে দাবি করতে থাকেন। তাতে দলে ‘বেনোজল’ ঢোকার আশঙ্কায় গোড়া থেকেই বারবার সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তা নিয়ে ‘জাহাজ বাড়ি’র প্রসঙ্গ টেনে বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী।

