কালিয়াচকের ঘটনার পরে সুপ্রিম কোর্টের পদক্ষেপ আর তার পরেই নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ভোট শুরু হতে এখনও দিন ২০ বাকি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। এমনকী কলকাতায় সিইও দফতরে গত মঙ্গলবার যেভাবে বিক্ষোভ চলেছে, তা নজিরবিহীন। মালদহের কালিয়াচকের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিতে হয়েছে কমিশনকে। ভোট ঘোষণার পর এমন তদন্তের নির্দেশ দেওয়ার নজিরও খুব বেশি নেই। পরপর এমন সব ঘটনার পর কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন বলেছেন, অনেক হয়েছে ভোট পর্যন্ত রাজ্যের কোথাও আর বে আইনি জমায়েত করা চলবে না।
ছোট বা বড় যেকোনো রাজনৈতিক মিটিং মিছিল আর অনুমতি ছাড়া করা যাবে না। কোনো রকম গন্ডগোল বড়দাস্ত করা হবে না। সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এমনকী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর যদি তাঁরা আবার কোনওভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎক্ষণাৎ সাসপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হবে। এখন দেখার শেষ পর্যন্ত সেই নিয়ম কতটা রক্ষিত হয়!
