প্রবল উত্তেজনা, উদ্দীপিনার মধ্যদিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ (অভয়ার মা) বৃহস্পতিবার নমিনেশন জমা দিলেন। ৯ তারিখকেই বিশেষ দিন ধরে তাই তিনি নিজের রাজনৈতিক লড়াইয়ের অঙ্গ হিসেবে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করেছিলেন অভয়ার।প্রার্থীর কথায়, এই দিনটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে এই দিনেই তাঁর মেয়ের জন্ম, অন্যদিকে, একই তারিখে মেয়েকে হারানোর মর্মান্তিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই কারণেই ৯ তারিখকেই তিনি বেছে নিয়েছেন তাঁর লড়াইয়ের প্রতীকী দিন হিসেবে।
সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকরা ভিড় করেছিলেন। পানিহাটির অমরাবতী এলাকা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। স্লোগান, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল এগিয়ে যায় ব্যারাকপুরের দিকে, যেখানে গিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা বিপ্লব দেব-সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে একজন মায়ের এই লড়াইকে সম্মান জানিয়ে নারী সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্মৃতি ইরানি। রত্না দেবনাথ বলেন, জিতবো আমিই। এই জয় হবে পানিহাটির মানুষের জয়, সারা পশ্চিমবঙ্গের জয়। তিনি আরও জানান, মেয়ের স্মৃতি তাঁকে প্রতিনিয়ত শক্তি জোগায়। পানিহাটির সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, এলাকার মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা যেন তাঁরা খোলাখুলি তুলে ধরেন।

