তথাগত ঘোষ, হাওড়া: নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই হাওড়ায় চলছে কুখ্যাত ব্যক্তিদের পাকড়াও অভিযান। ইতিমধ্যেই ধরা পড়ে গিয়েছেন শিবপুরের চওড়া বস্তিতে বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত শামীম আহমেদ। চলতি মাসের শুরুর দিকেই গ্রেফতার হয়েছিলেন উত্তর হাওড়ার কুখ্যাত ব্যক্তি, স্থানীয় এলাকায় ‘ডন’ হিসাবে পরিচিত আকাশ সিং। এবার তাকেই নিজের এলাকায় অন্তর্বাস পরিহিত অবস্থায় প্যারেড করালো পুলিশ। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল সেই ছবি। শহরে একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত তাঁর নাম।
প্রসঙ্গত, ২০২১ সালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল এই আকাশ সিং। একইসঙ্গে ২০ টিরও বেশি বোমা নিক্ষেপ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মে মাসের শুরুর দিকেই পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছিল আকাশ সিং কে। তবে, একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আকাশ কে এইভাবে রাজপথে ঘোরানো হয়েছে। এলাকায় একদা দাপুটে হিসাবে পরিচিত ব্যক্তির এই পরিণতিই স্পষ্ট করে দিচ্ছে, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকলে আগামী দিনে কী পরিণতি হতে চলেছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১ সাল ও তারপরে বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় সে দুষ্কৃতী হামলা করে। সেই সব জায়গায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করা হয়। আকাশ সিং যে সমস্ত জায়গায় অপরাধমূলক কাজ করেছিল, সেই সমস্ত জায়গা ঘুরে খতিয়ে দেখেছে পুলিশ। অপরাধের বিরুদ্ধে হাওড়া শহরে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।
