বৃহস্পতিবার হাওড়া শহরে নির্বাচনী প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি। শনিবার নির্বাচনী প্রচারে হাওড়া শহরে এলেন অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতৃত্বকে দেখতে রাস্তায় মানুষের ঢল। কার্যত শনিবার বিকেলে শহরের বুকে মেগা প্রচার করলেন বিজেপি নেতা। প্রসঙ্গত, শনিবার হাওড়ার রামরাজাতলা থেকে একটি রোড শো -এর কর্মসূচি ছিল অমিত শাহর। কর্মসূচি শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৫ টা। কিন্তু, তার পরিবর্তে বেশ কিছু সময় পরেই শুরু হয় অমিত শাহের রোড শো। যদিও, তাতে স্থানীয় বিজেপি কর্মীদের উৎসাহে কোনওরকম ভাটা পড়েনি।
সন্ধ্যা ৬ টার কিছু সময় আগে শুরু হয় অমিত শাহের রোড শো। রামরাজাতলার রাম মন্দিরের সামনে থেকে নিজের রোড শো শুরু করেন অমিত শাহ। শনিবার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শাহ। একইসঙ্গে ছিলেন, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল এবং দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল কুমার হাতি। এই তিন প্রার্থীকে সঙ্গে নিয়েই শনিবার রোড শো করলেন শাহ।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন প্রচুর সংখ্যার সাধারণ মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। শুরু থেকেই এই রোড শো কে কেন্দ্র করে তীব্র উন্মাদনা লক্ষ্যণীয় হয়েছে। উন্মাদনার পারদ চরম পর্যায়ে পৌঁছায় নতুন রাস্তার মোড়ে। সেখানেই রোড-শো -এর শেষে ঝোড়ো বক্তব্য পেশ করেন অমিত শাহ। তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় কে। একইভাবে শনিবারেও তাঁর গলায় শুনতে পাওয়া যায় উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, হাওড়া শহরে মাত্র একদিনের ব্যবধানে বিজেপির দুই শীর্ষ নেতৃত্নের আগমন স্থানীয় বিজেপি কর্মীদের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রদান করবে। এছাড়াও, শনিবার অমিত শাহের কর্মসূচিতে বিপুল জনসমর্থন দেখা গিয়েছে। কার্যত শনিবার হাওড়ায় সুপারহিট অমিত শাহের রোড-শো।
