তথাগত ঘোষ, হাওড়া: পুজো উদ্বোধনের সময় মানেই সাদা ধবধবে পোশাকে, মাথায় টুপি পরে পাইলট কার নিয়ে আধুনিক উন্নত মানের গাড়িতে চড়ে অনুগামীদের নিয়ে একের পর এক প্যান্ডেলে ছুটে চলেছেন। বর্ষীয়ান তৃণমূল নেতা কে কখনও ধুতি পাঞ্জাবিতে, কখনও পাজামা পাঞ্জিবে দেখা যেত এই সময়। গত কয়েক বছর এই ছবিতেই অভ্যস্ত ছিল হাওড়া শহর। তৃণমূল কংগ্রেসের শাসনকালে হয়ে উঠেছিলেন হাওড়ার অলিখিত অভিভাবক। শহরের অধিকাংশ শীর্ষস্থানীয় পুজোর মুখ্য উপদেষ্টা পদের দায়িত্বে ছিলেন। এককথায় তিনি ছিলেন হাওড়ার অধিকাংশ বড় পুজোর অলিখিত প্রধান। তাঁকে ছাড়া পুজো উদ্বোধন ছিল চিন্তাভাবনার বাইরে। কিন্তু, সরকার পরিবর্তনের জেরে সম্পূর্ণভাবে বদলে গিয়েছে ছবি।
কথা হচ্ছে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের। ইতিমধ্যেই মহালয়ার দিন থেকে শহরে একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন পর্ব শুরু হয়ে গিয়েছে। কিন্তু, বিধায়ক হওয়া সত্ত্বেও কোনও অনুষ্ঠানে দেখা মিলছে না বর্ষীয়ান রাজনীতিবিদের। বর্তমানে হাওড়া শহরে তো বটেই, নিজের বিধানসভা কেন্দ্রেও কার্যত অনুপস্থিত অরূপ রায়। যে সমস্ত পুজোয় একসময় মধ্যমণি ছিলেন, আজ সেই সমস্ত পুজোতেই তিনি ব্রাত্য।
হাওড়া শহরে গত বছরেও একাধিক জনপ্রিয় পুজোর উদ্বোধন করেছিলেন মধ্য হাওড়ার বিধায়ক। স্বামীজী স্পোর্টিং ক্লাব, মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের মতো বড় পুজো কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সারিতে ছিলেন তিনি। এমনকি পুজো কমিটিতে বড় পদেও ছিলেন। এই দুটি পুজো ছাড়াও শহরের আরও একাধিক পুজো কমিটির ব্যানারে ছিল অরূপ রায়ের নাম। কিন্তু, সরকার বদলের জেরে কার্যত সকল পুজোতেও গুরুত্ব হারিয়েছেন মধ্য হাওড়ার বিধায়ক।
চলতি বছরে ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। সেখানে দেখা যায়নি অরূপ রায় কে। আগামীতেও আরও একাধিক পুজোর উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। কিন্তু, সেই পুজোগুলিতেও আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে বিজেপি নেতাদের নাম। কোন পুজো কমিটির উদ্বোধনী অনুষ্ঠানেই অরূপ রায়ের নাম লক্ষ্যণীয় হচ্ছে না। সরকার বদলের জেরে কার্যত বদলে গিয়েছে ছবি।
২৬ -এর বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। পরাজয়ের পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। বিদ্রোহী ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন অরূপ রায়। মমতাপন্থী তৃণমূলের সঙ্গ ছেড়েছেন বর্ষীয়ান নেতা। কিন্তু, সরকার বদলে নিজের এলাকায় যে তিনি গুরুত্ব হারিয়েছেন সেই বিষয়টি স্পষ্ট। নতুন সরকারের অধীনে যেমন দুর্গাপুজো কমিটিগুলিতে পদ্ম শিবিরের নেতাদের প্রবেশ ঘটেছে, একইসঙ্গে ব্যানারেতেও জ্বলজ্বল করছে তাদেরই নাম। ফলে, স্পষ্টভাবেই উদ্বোধনী অনুষ্ঠানেও প্রথম সারিতে বিজেপি নেতা, মন্ত্রী ও বিধায়কদের নামই রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অরূপ রায়। খাতায় কলমে বর্তমানে তিনি মধ্য হাওড়ার বিধায়ক হলেও, বিজেপি সরকারের আমলে পুজোর আগে উৎসবের মেজাজে নিজের এলাকাতেই কার্যত দেখা নেই অরূপ রায়ের। একেই বলে ক্ষমতায় থেকেও না থাকা।
