শনিবার সকালে হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নিজের প্রচারপর্ব সারলেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। সকালে বিপুল সংখ্যার দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হন তিনি। হুড খোলা গাড়িতে চেপে করেন জনসংযোগ। স্থানীয়দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে শনিবার সকালে জমজমাট ঘাসফুল শিবিরের প্রার্থীর প্রচারপর্ব।
রাজ্যে এই বছরেও পরিবর্তনের হাওয়া উঠেছে বলে ধারণা করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, 'কোনও পরিবর্তনের হাওয়া নেই। আমরা বিপুল ভোটে জিতব। আমি আগে যা ভোট পেয়েছি এইবার তার থেকে অনেক বেশি ভোটে জয়লাভ করব। রাজ্যে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বিজেপি মথ্যা কথা বলে ভোট কাটতে চাইছে। এটা বিহার নয় পশ্চিমবঙ্গ। যতদিন মমতা বন্দোপাধ্যায় থাকবেন, তাদের ভোটের জয়ের স্বপ্নও স্বপ্ন থেকে যাবে।' স্পষ্টভাবেই নিজের জয়ের প্রসঙ্গে আত্মবিশ্বাসী মধ্য হাওড়ার বর্ষীয়ান নেতা।
