সোমবার হাওড়া শহরে জমা পড়ল একাধিক হেভিওয়েট প্রার্থীর নির্বাচনী মনোনয়ন পত্র। এদিন সকালেই মনোনয়নপত্র জমা করেছেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। গত কয়েকদিন পুরোদমে নিজের প্রচার পর্ব চালিয়েছেন ঘাসফুল শিবিরের বর্ষীয়ান নেতা। নিজের জয়ের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী অরূপ রায়।
এদিন মনোনয়ন পত্র জমা করার পরেই বাইরে এসে তিনি বলেন, 'আমার মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হয়নি। ঠিকঠাকভাবেই মনোনয়ন জমা দিতে পেরেছি।' একইসঙ্গে মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন অরূপ রায়। এদিন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ১৯৮৬ সালে প্রথমবার প্রার্থী হই। তখন থেকেই নির্বাচন কমিশনার দেখছি। এতো খারাপ ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনার আমি আগে দেখিনি। তিনি পক্ষপাতদুষ্ট ও একটি পার্টির হয়ে তিনি ও তাঁর টিম কাজ করছে।'
এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, 'এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক! এই দায় বিজেপির ও নির্বাচন কমিশনের।'
একইসঙ্গে স্পষ্টভাবেই ছাব্বিশেও রাজ্যে ঘাসফুল ফুটবে বলে আশাবাদী অরূপ রায়। প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে হাওড়ায় একাধিক বর্ষীয়ান নেতার নাম বাদ গেলেও মধ্য হাওড়ায় অরূপের বুড়ো হাড়ের উপরেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। এখন তিনি দল কে জয় এনে দিতে পারেন কি না, সেটাই দেখার।
