তথাগত ঘোষ, হাওড়া: শনিবার হাওড়া শহরে নির্বাচনী প্রচারে এসেছিলেন অমিত শাহ। বিপুল সংখ্যার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে রামরাজাতলা এলাকায় রোড-শো করেছেন তিনি। এছাড়াও স্থানীয়দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রচুর ভিড় সহ অমিত শাহের এই কর্মসূচির ছবি ‘BJP West Bengal’ -এর অফিশিয়াল পেজ থেকেও পোস্ট করা হয়েছে। কিন্তু সেই পোস্ট ঘিরেই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির অফিশিয়াল পেজ থেকে করা পোস্টেই রয়েছে বড় ভুল। মিছিল যাত্রাপথ প্রসঙ্গে লিখতে গিয়ে, হাওড়া রামরাজাতলার ‘শংকর মঠ’ কে ‘শংকর ময়দান’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার হাওড়া রামরাজাতলার শংকর মঠ থেকে অমিত শাহের এই রোড-শো -এর কর্মসূচি হওয়ার কথা ছিল। পরিবর্তে, রোড শো শুরু হয় রামরাজাতলা তিন মাথার মোড় বা রামরাজাতলা রাম মন্দিরের সামনে থেকে। নতুন রাস্তার মোড়ে পৌঁছে নিজের এই কর্মসূচি শেষ করেন অমিত শাহ। নতুন রাস্তার মোড়েই কয়েক হাজার কর্মী সমর্থকদের মাঝে নিজের বক্তব্য পেশ করেন বিজেপি নেতা। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দেন।
প্রথমে বৃহস্পতিবারে মোদি এবং তারপর শনিবারে অমিত শাহ। বিজেপির দুই শীর্ষ নেতার কর্মসূচিতেই হয়েছিল উপচে পড়া ভিড়। এই দুই কর্মসূচিই বর্তমানে হাওড়ার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ফেসবুক থেকে হওয়া এই পোস্টে।
বিজেপির তরফ থেকে এই কর্মসূচির ছবি পোস্ট করে তার সঙ্গে লেখা হয়েছে, ‘রামরাজাতলা শংকর ময়দান থেকে বিশাল রোড শো'তে উপস্থিত জনতার ঢল দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলার পরিবর্তনের ঢেউ এখন সুনামিতে পরিণত। দেখুন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী শ্রী অমিত শাহ জীর উপস্থিতিতে বিশাল রোড শোর কিছু মুহূর্ত।‘
এখানেই রামরাজাতলার শংকর মঠ কে ময়দান হিসাবে উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে। এই প্রসঙ্গে স্থানীয় একজনকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘শংকর মঠ রামরাজাতলা ও হাওড়ার অত্যন্ত পরিচিত একটি স্থান। রামরাজাতলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শংকর মঠের নাম। এই ভুল মেনে নেওয়া যায় না।‘
প্রসঙ্গত, রামরাজাতলার শংকর মঠ মূলত শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দিরে দরিদ্র ও গৃহহীন বিদ্যার্থীদের জন্য গুরুকূল নামের একটি স্কুলের আকারে আশ্রম তৈরি করেছিলেন। মঠটি বিরাট আকারের। একইসঙ্গে মঠের সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে। এই মাঠেই হাওড়া উৎসব, সার্কাসের আসর বসে হাওড়া শহরে। এখানকার দুর্গাপুজোরও স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা রয়েছে।
