শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের ২৪ ঘন্টার মধ্যেই বিদ্যালয়ে পৌঁছালো মুখ্যমন্ত্রীর পাঠানো বিশেষ উপহার। বুধবার স্কুলে উপস্থিত প্রায় ৮৫০ জন পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার জন্য মাছ ও মিস্টির উপহার পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মিড-ডে মিলের রান্নার কাজে নিযুক্ত মহিলাদের জন্য পাঠানো হয় পুজোর নতুন শাড়ি ও আর্থিক অনুদান।
প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকারের সারথি প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসে পড়ুয়াদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন শুভেন্দু অধিকারী। মিড ডে মিলের অত্যাধুনিক ও স্বচ্ছ ব্যবস্থার প্রশংসা করেছিলেন তিনি। একইসঙ্গে মিড-ডে মিলের রান্নার কাজের প্রশংসা করে সেই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের পুজোর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘন্টার মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।
এই প্রসঙ্গে মধুসূদন পালচৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে জেলাশাসকের মাধ্যমে স্কুলে উপস্থিত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা জানতে চাওয়া হয়েছিল। সেই অনুসারে, প্রায় ৮৫০ জনের জন্য মাছ ও মিষ্টি পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে খুশির আবহ।
