সোমবার রাতে তৃণমূল প্রার্থীর সঙ্গে হওয়া পুলিশের ঝামেলা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র। তার মধ্যেই নতুনভাবে বিস্ফোরক অভিযোগ করলেন বালির সিপিআইএম প্রার্থী শংকর মৈত্র। তৃণমূলের গুন্ডারা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিশেষ করে কলোনি ও বস্তি এলাকায় ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শংকর। বিগত বছরগুলির মতো আগামীকালও বালিতে নির্বাচন কে কেন্দ্র করে সন্ত্রাস হওয়ার আশঙ্কা করছেন বাম প্রার্থী। সম্পূর্ণ বালি ও পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডারাজ চলছে বলে অভিযোগ শংকর মৈত্রর। তাঁর প্রধান দাবী মানুষ যাতে, ভয়মুক্তভাবে ইভিএম মেশিনে তাদের মত প্রদান করতে পারেন।
এদিন তিনি বলেন, ‘মানুষ আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার নির্দিষ্ট কারণও রয়েছে। ভোটারদের আটকে রাখা, বোম পড়ার মতো ঘটনা, ভোটার ও পোলিং এজেন্টদের ভয় দেখানো আগেও ছিল। কিন্তু, ছাব্বিশের নির্বাচনের আগে এটি মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়িয়েছে। সমস্ত গলি, সমস্ত মহল্লা, সমস্ত বস্তি জুড়ে তৃণমূলের তরফে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আমরা নির্বাচন কমিশন কে এই বিষয়ে জানিয়েছি।‘
এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘কমিশনের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। আবাসনের নিরাপত্তারক্ষীদের হাত করে রাখা হয়েছে, যাতে ভোটাররা বের হতে না পারেন। ভোটাররা ভীত, আতঙ্কিত। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। তবে, আমরা ভয়মুক্ত নির্বাচন চাইছি। আমরা চাইছি মানুষ যেন স্বাধীনভাবে নিজেদের ভোট দিতে পারেন। এটাই আমাদের প্রধান লক্ষ্য।‘
