শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃষ্টি থেমে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু, এখনও হাওড়া পুরসভার বেশ কয়েকটি নিচু এলাকায় জমে রয়েছে জল। জমা জলে রীতিমতো ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। নোংরা জল পেরিয়ে করতে হচ্ছে যাতায়াত। নর্দমাগুলিতে জল জমে থাকার কারণে পাম্প দিয়ে জল নামানো যাচ্ছে না। এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই এবার নতুন উদ্যোগ নিল হাওড়া পুরসভা। জল সরাতে নামানো হল দমকল। হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে ধারা পড়ায় জমা জল বের করতে বুধবার সকালে দমকল নামানো হয়েছে। সকালেই এলাকায় আসে দমকলের একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটিতে সাকশন মেশিনের সাহায্যে জল তুলে ট্যাঙ্ক ভর্তি করে তারপর তা দূরে ফাঁকা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। দিনভর এই কাজ করছেন দমকল কর্মীরা।
বুধবার নিজে দাঁড়িয়ে এই জমা জল থেকে স্থানীয়দের মুক্তি দেওয়ার কাজ খতিয়ে দেখেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিগত সরকারের তরফে নিকাশির কোনও কাজ করা হয়নি। ফলে দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন স্থানীয় মানুষজন। বৃষ্টির কারণে জমা জল বের হচ্ছে না। ফলে, দমকলের সাহায্য নিয়ে জল তুলে অন্যত্র ফেলতে হচ্ছে। আগামী দিনে হাওড়া শহরের মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে আরও বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রসঙ্গে দমকল কর্মীরা জানিয়েছেন, দমকলের কাজ শুধুমাত্র আগুন নেভানো নয়। জরুরী অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোও বটে। সেই কারণেই এটি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস। কর্পোরেশন ও প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
.jpeg)
