হাওড়ায় নববর্ষের দিনেই ধুন্ধুমার। বুধবার বিকেলে হাওড়ার বালিতে পদ্ম শিবিরের প্রার্থী সঞ্জয় সিংয়ের হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মিছিলকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল চলাকালীন হঠাৎই রাস্তার ধার থেকে একদল তৃণমূল কংগ্রেস সমর্থক জয় বাংলা শ্লোগান দিতে শুরু করেন। সেই শ্লোগান শুনেই মেজাজ হারান রাজ্য বিজেপির অন্যতম পরিচিত মুখ। এদিন হুডখোলা গাড়িতে করে সঞ্জয় সিংয়ের হয়ে নির্বাচনী প্রচার করছিলেন শুভেন্দু। মেজাজ হারিয়ে সেই গাড়ি থেকেই তৃণমূল সমর্থকদের দিকে তেড়ে যান ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বুধবার সন্ধ্যায় কার্যত এই মিছিলকে ঘিরেই ধুন্ধুমার বালিতে। তৃণমূল সমর্থকদের জয় বাংলার পাল্টা মিছিলে থাকা বিজেপি সমর্থকরা 'চোর চোর... জয় শ্রীরাম' শ্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে যায় উপস্থিত পুলিশ প্রশাসন। এমনকি গাড়ি থেকে শুভেন্দু অধিকারীকেও রীতিমতো রেগেমেগে তর্ক করতে দেখা গিয়েছে। তিনিও এই শ্লোগান শুনে চুপ থাকেননি। রীতিমতো মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে আসার চেষ্টা করতে থাকেন। তবে, তাকে আটকে দেন তাঁর দেহরক্ষী। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে মধ্যে।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়া শহরে বিজেপির অন্যতম পরিচিত মুখ সঞ্জয় সিং পদ্ম শিবিরের হয়ে বালি থেকে লড়াই করছেন। গতবার তিনি লড়াই করেছিলেন মধ্য হাওড়া থেকে। পরাজিত হয়েছিলেন অরূপ রায়ের বিরুদ্ধে। কিন্তু, এবার জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী । অপরদিকে এই আসনে তৃণমূলের হয়ে লড়াইয়ে নতুন মুখ, কৈলাশ মিশ্র। নির্বাচনী লড়াইয়ে যুব নেতার উপর আস্থা রেখেছে জোড়াফুল শিবির। ইতিমধ্যেই পুরোদমে চলছে নির্বাচনী লড়াই। কৈলাশও ইতিমধ্যেই এলাকায় জনসমর্থন অর্জনে সক্ষম হয়ে উঠেছেন। স্থানীয় এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। সিপিএমের হয়ে এই আসনে লড়াই করছেন শংকর মৈত্র।
.jpeg)
