গত শনিবার, হাওড়া শহরে নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো। মাত্র কয়েকদিনের ব্যবধানেই ফের শহরে পা পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২২ এপ্রিল অর্থাৎ, বুধবার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের প্রচারে আসছেন তিনি। শিবপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আগামীকাল দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরীর প্রচারেও হাঁটবেন তিনি। রয়েছে লম্বা পদযাত্রা। মিছিল শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু হয়ে শেষ হবে, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এই মিছিলকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। কোন রুটে যাবে মিছিল, কটা থেকেই বা শুরু হবে? দেখে নিন-
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বুধবার হাওড়ার শঙ্কর মঠ থেকে শুরু হবে এই পদযাত্রা। শেষ মিছিলের মতোই এই পদযাত্রাটির সময়ও নির্ধারণ করা হয়েছে বিকেলে। মিছিলটির শুরুর স্থানটি শিবপুর বিধানসভা কেন্দ্রের অধীনে। অপরদিকে, মিছিলটি শেষ হবে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ক্যারিরোড এলাকায়। তবে, নিরাপত্তার কারণে মিছিলটি বেলেপোলেও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবারে মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায় এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে পদযাত্রা করেছিলেন মমতা। হাওড়া ময়দান থেকে শুরু হয়ে পদযাত্রা চলেছিল পিলখানার মোড় পর্যন্ত। সপ্তাহ ঘুরতেই ফের শহরে নির্বাচনী প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়া শহরের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে শিবপুর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায়। অপরদিকে পদ্ম শিবিরের হয়ে এই শিবিরে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারকা প্রার্থী ইতিমধ্যেই প্রচারে একটি বড় অংশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে গত বছরে শিবপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক ছিলেন রানা চট্টোপাধ্যায়। তবে, জয়ী হলেও, তাঁর বিরুদ্ধে বালির একটি বড় অংশের মানুষের মনে ক্ষোভ রয়েছে। এবার নির্বাচনী লড়াইয়ে তাঁর হাত কিছুটা শক্ত করতেই নিজে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো। আগামীকালও তৃণমূলের মিছিলে থাকতে পারে একাধিক চমক।
