বর্তমানে বাংলার সর্বত্র তুঙ্গে নির্বাচনী লড়াই! লড়াই মূলত দুই ফুলের, ঘাসফুল ও পদ্মফুল। তবে, লড়াইয়ে পিছিয়ে নেই সিপিএম, কংগ্রেসও। বাংলার মাটিতে বামেরাও বেশ কয়েকটি কেন্দ্রে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। সমস্ত দলের শীর্ষ নেতৃত্বরা রাজ্যজুড়ে প্রচারে নেমে পড়েছেন। গত সপ্তাহেই হাওড়া শহরে তৃণমূল প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারে শহরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে। কবে শহরে নির্বাচনী প্রচারে আসছেন মোদি, কোন পথেই বা তিনি মিছিল করবেন? সমস্ত তথ্য রইল নিম্নলিখিত-
হাওড়া জেলা বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ শে এপ্রিল অর্থাৎ চলতি সপ্তাহের বৃহস্পতিবার হাওড়ায় নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। বালি বিধানসভা কেন্দ্রের বেলুড় মঠ থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো। প্রথমে বেলুড় মঠে এসে রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি। তারপর অংশগ্রহণ করবেন নির্বাচনী প্রচারে। হাওড়া সদরের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই রোড শোর আয়োজন করছে রাজ্য বিজেপি।
প্রধানমন্ত্রীর এই রোড শো বালি বিধানসভা কেন্দ্র থেকে শুরু হবে। শেষ হবে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের সালকিয়া চৌরাস্তার মোড়ে। গেরুয়া শিবিরের বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জয় সিং এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে এই রোড শো করবেন নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিত থাকবেন হাওড়া সদরের অন্যান্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। হাওড়া জেলার সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা।
প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবারে হাওড়া ময়দান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ময়দান থেকে শুরু হয়ে এই পদযাত্রা চলেছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের পিলখানা মোড় পর্যন্ত। মুখ্যমন্ত্রীর মিছিলেও প্রচুর সংখ্যার মানুষের উপস্থিতি চোখে পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার সেই রুটের কিছুটা কাছেই রোড শো করতে চলেছেন নরেন্দ্র মোদি। স্পষ্টভাবেই দুই দলই হাওড়ার বিধানসভা কেন্দ্রগুলিকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।
গতবার হাওড়ায় ১৬ টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই ঘাসফুল ফোঁটাতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে, এবার বিজেপি নেতৃত্বদের দাবি তারা একাধিক আসনে লড়াইয়ে এগিয়ে রয়েছেন। হাওড়ায় বেশ কয়েকটি আসনে এবার তাঁরা পদ্মফুল ফোঁটাতে সক্ষম হবেন বলেও দাবি বিজেপি নেতৃত্বদের।
