বৃহস্পতিবার ফের একবার নির্বাচনী প্রচারে হাওড়ায় পা পড়ল নরেন্দ্র মোদির। কার্যত জনসমুদ্রের মধ্যে দিয়ে নিজের কর্মসূচী সম্পূর্ণ করলেন তিনি। বেলুড় মঠে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কে শ্রদ্ধানিবেদনও করেন তিনি। রাস্তার দুই ধারে দেশের প্রধানমন্ত্রীকে দেখতে হয়েছিল উপচে পড়া ভিড়। এককথায়, বৃহস্পতিবার হাওড়ায় 'সুপারহিট' মোদি-শো।
এদিন বিকেল সাড়ে চারটেয় হাওড়া শহরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। হাওড়ায় আসার আগে এদিন আরও দুটি জনসভা করেছেন বিজেপির সুপ্রিম লিডার। সেই কারণেই বেলুড় মঠে পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয় প্রধানমন্ত্রীর। বিকেল পাঁচটার কিছু সময় পর বেলুড় মঠে প্রবেশ করে প্রধামন্ত্রীর গাড়ি। সেই সময় থেকেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন। মঠের ভিতর বেশ কিছুটা সময় কাটান মোদি। কথা বলেন মহারাজের সঙ্গে একইসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তীতেও শ্রদ্ধানিবেদন করেন তিনি। তারপর বেলুড় মঠ থেকে রোড-শোর উদ্দেশ্যে রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়।
বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পরে শুরু হয় রোড শো। বৃহস্পতিবার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় সিং এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে রোড শো করেন নরেন্দ্র মোদি। দুই প্রার্থীই জানিয়েছেন এটি তাদের কাছে একটি বড় প্রাপ্তি। এই দুই প্রার্থী ছাড়াও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল হাতী।
ফুলে সুসজ্জিত হুডখোলা গাড়িতে করে এদিনের রোড শো করেছেন প্রধানমন্ত্রী। জিটি রোডে এমসিকেবি বিদ্যাপিঠের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচী। মোদিকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। কার্যত জনজোয়ারের মধ্যে দিয়ে নিজের রোড-শো সম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী। সালকিয়া চৌরাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় দফা নির্বাচনের আগে হাওড়া জেলা বিজেপির জন্য নরেন্দ্র মোদির এই কর্মসূচী একটি বড় প্লাস পয়েন্ট হতে চলেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। নরেন্দ্র মোদির কর্মসূচীতে রাস্তার দুই ধরনে মানুষের যে ঢল দেখা গিয়েছে, তা বিজেপির জন্য অত্যন্ত ইতিবাচক।

