শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই হাওড়া শহরের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নিজেদের মনোনয়ন জমা করে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন ডঃ রানা চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের হয়ে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এই বিধানসভা কেন্দ্রে কার্যত সেয়ানে সেয়ানে টক্কর।
সোমবার সকালেই নিজের মনোনয়ন পত্র জমা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। নিজের মনোনয়ন জমা করে এসে তিনি বলেন, 'শিবপুরের মাটি শক্ত ঘাঁটি। মানুষের থেকে দুর্দান্ত সাড়া মিলেছে। আজ নমিনেশন ফাইল করতে এসেও বিপুল মানুষের উপস্থিতি চোখে পড়েছে। মানসিকভাবে আমরা জয়ের জন্য নিশ্চিত হয়ে গিয়েছি। চিন্তার কোনও কারণ নেই। এখন শুধুমাত্র ৪ তারিখ ফল প্রকাশের অপেক্ষা।'
একইসঙ্গে সোমবার নমিনেশন ফাইল নিয়ে সিপিআইএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, 'যা হয়েছে তা নক্কারজনক এবং কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। পুলিশ সম্পূর্ণ বিষয়টিকে খতিয়ে দেখবে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।'
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন রানা চট্টোপাধ্যায়। তবে, বালির পরিবর্তে এবার তাকে শিবপুর বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নিজের জয়ের বিষয়েও তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন। বিরোধী প্রার্থী রুদ্রনীল এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
