আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া শহরের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে শিবপুর। এই বিধানসভা কেন্দ্রে পদ্ম শিবিরের হয়ে লড়াই করছেন রুদ্রনীল ঘোষ। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে ডঃ রানা চট্টোপাধ্যায় কে। গতবার বালি বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক ছিলেন তিনি। সোমবার, নিজের নির্বাচনী প্রচারে বড় চমক দিলেন তৃণমূল প্রার্থী। প্রকাশ করলেন নির্বাচনী ইস্তাহারে। এই নির্বাচনী ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এলাকার কোন কোন সমস্যা সমাধানে নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঘাসফুল প্রার্থী? দেখে নিন-
এই ইস্তাহার পত্রটিকে ‘শিবপুরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা’ হিসাবে নামকরণ করেছে তৃণমূল কংগ্রেস। সর্বমোট ৯ টি প্রতিশ্রুতি সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায়। প্রতিশ্রুতিগুলি হল-
- ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে জলের পাইপলাইন বসানো হবে। যা ১,০০,০০০ -এরও বেশি মানুষকে পরশ্রুত পানীয় জল সরবরাহ করবে।
- রামরাজাতলা এবং সুকান্ত কলোনির (ওয়ার্ড ৫০) বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে একটি রেলওয়ে আন্ডারপাস নির্মাণ করা হবে।
- কদমতলা বাজার উন্নত পরিকাঠামোর সঙ্গে সম্প্রসারিত ও মানোন্নয়ন করা হবে।
- সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি মাধ্যম পাঠ্যক্রম চালু করা হবে।
- বেলগাছিয়া কুঞ্জপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কে (PHC) স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হবে। এর মধ্যে একটি নতুন মেটারনিটি হোমও থাকবে।
- প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে একাধিক ভূগর্ভস্থ জলাধার (UGR), ওভারহেড জলাধার (OHR) এবং বুস্টিং স্টেশন নির্মাণ করা হবে।
- শিবপুরের কিছু এলাকায় জল জমার সমস্যা সমাধান করা হবে।
- ছানিমুক্ত বালি এই স্লোগানকে সম্প্রসারিত করে ‘ছানিমুক্ত শিবপুর’ করা হবে। অর্থাৎ, ছানির জন্য শিবপুর বিধানসভা কেন্দ্রের একজন মানুষও যেন দৃষ্টিশক্তি না হারান, সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।
- এলাকার পরিষেবার অভাব দূর করতে একটি নতুন ফায়ার স্টেশন এবং রেশনিং অফিস নির্মাণ করা হবে।
তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে এই সমস্ত প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে। ভোটের আগে কার্যত প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন তৃণমূল প্রার্থী। মানুষ এখন নির্বাচনে তাঁর উপর আস্থা রাখেন কি না, তাই দেখার।
