Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: বোমাবাজির অভিযোগ, বিলাসবহুল ঘর! মুম্বাই থেকে ২ সঙ্গী সহ গ্রেফতার বড়ে

Loading... রাজ্য
Howrah: বোমাবাজির অভিযোগ, বিলাসবহুল ঘর! মুম্বাই থেকে ২ সঙ্গী সহ গ্রেফতার বড়ে
#Howrah News #Shamim Ahmed News #Shamim Ahmed Arrest #Bengali News #Shibpur #হাওড়া #হাওড়া খবর #রাজনীতি #অরূপ রায় #শামীম আহমেদ গ্রেফতার

তথাগত ঘোষ, হাওড়া: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হাওড়ার শিবপুরের বেতাজ বাদশা শামীম আহমেদ। কয়েকদিন আগেই শিবপুরের চওড়া বস্তিতে হওয়া বোমাবাজি ও গুলি চলার ঘটনায় প্রধান অভিযুক্ত শামীম। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিল এই কুখ্যাত দুষ্কৃতি। পরবর্তীতে, একটি ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে উঠে আসে শামীমের বিলাসবহুল আবাসনের ছবি। সেই ছবি কার্যত অবাক করে দেয় রাজ্যবাসীকে। প্রায় দুই সপ্তাহ পলাতক থাকার পর অবশেষে সুদূর মহারাষ্ট্র থেকে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা। 


একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে দেওনার একতা এসআরএ বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাঁকে ও তাঁর দুই সঙ্গীকে পাকড়াও করা হয়েছে। শামীমের পাশাপাশি গ্রেফতার হয়েছেন জাভেদ আখতার ও ক্রান্তি। মুম্বাই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ প্রচেষ্টায় তিনজন ধরা পড়েছে। ভোটের ফলঘোষণা হওয়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছিল। পরবর্তীতে বেশ কয়েকজন কে আটক করা হলেও ফেরার ছিলেন প্রধান অভিযুক্ত শামীম আহমেদ ওরফে বড়ে। শিবপুর থানাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বড়ের ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই প্রকাশ্যে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। বড়ের সম্পত্তি দেখে কার্যত চোখ কপালে ওঠে শহরবাসীর। 


প্রসঙ্গত, হাওড়ার এই কুখ্যাত দুষ্কৃতির বাড়ি মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ৩৬ নম্বর ওয়ার্ডে। বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াতেই বড়ের এই উত্থান। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায়ের কাছের লোক হিসাবেই এলাকায় পরিচিতি তিনি বলেও অভিযোগ উঠেছে। ছব্বিশের বিধানসভা নির্বাচনে অরূপ রায়ের একাধিক নির্বাচনী প্রচারের কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। বছর তিনেক আগে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল। সেই সময়ে হামলা চালানোর অভিযোগে NIA -র হাতে গ্রেফতার হয়েছিলেন শামীম আহমেদ। এবার, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর হিংসার ঘটনায় সুদূর মহারাষ্ট্র থেকে পুলিশের হাতে বন্দি হলেন শিবপুরের কুখ্যাত ব্যক্তি। 
 

সর্বশেষ আপডেট: