তথাগত ঘোষ, হাওড়া: রাজ্যে অব্যাহত নির্বাচন পরবর্তী হিংসা। এবার নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ালো হাওড়ার। ঘন ঘন বোমা বর্ষণ, গুলি চলল শিবপুর এলাকায়। আহত একাধিক। আতঙ্কে স্থানীয় মানুষ। জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়ির কাছে ও তাঁর পাড়ায় এই বোমাবাজি ও গুলি চালনার অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ও সিএপিএফ। ইতিমধ্যেই এই ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শিবপুরের চওড়া বস্তি এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, তাঁদের দলের সংখ্যালঘু মোর্চার আহ্বায়ক সিকান্দার খানের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একের পর এক বোমা পড়তে থাকে এলাকার রাস্তায়। বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়েছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে এই বোমা ও গুলি চলে বলে অভিযোগ পদ্ম শিবিরের। ঘটনার পরই ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির তরফে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনার পর সিকান্দার খানের ভাইপো রেহান খান বলেন, ‘‘আমার কাকা বিজেপির কর্মী। আর তাই কাকার উপর হামলা করতে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওরা হেরে গিয়েও আমাদের উপর হামলা চালাচ্ছে। আমার কাকার বাড়িতে ও এলাকায় ১০ থেকে ১২টা বোম মারে। ইঁট, কাঁচের বোতল ছোঁড়ে। এমনকী ছাদ থেকেও আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। ৭ থেকে ৮ রাউন্ড গুলিও চালানো হয়। এর ফলে আমাদের ১২ থেকে ১৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।’’
এই প্রসঙ্গে বিজেপির মধ্য হাওড়া বিধানসভার আহ্বায়ক শিবশঙ্কর সাধুখাঁ বললেন, ‘‘আমরা পুলিশকে বলেছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতেই হবে। তৃণমূলের আমলের মতো বিজেপির আমলে আর এসব অসভ্যতামি চলবে না। এলাকাকে অশান্ত করা চলবে না। দুষ্কৃতীরাজ আমরা বন্ধ করবোই।’’
