তথাগত ঘোষ, হাওড়া: কয়েকদিন আগেই গেরুয়া পতাকা হাতে ডোমজুড় কলেজে বোরখা পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে দেখা গিয়েছিল একদল যুবক কে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নিজেদের কর্মকাণ্ডের কারণে হাওড়া শহরে বিতর্কে জড়ালো এবিভিপির নাম। বর্তমানে রাজ্যের পাশাপাশি কলেজ ইউনিয়নগুলিতেও পালাবদল ঘটতে দেখা যাচ্ছে। একের পর এক কলেজে তৃণমূলের ছাত্র ইউনিয়নের শিবির ভেঙে গড়ে উঠছে এবিভিপির দুর্গ। কলেজ ইউনিয়নের রাজনীতির মানচিত্রেও ঘটছে বড় পরিবর্তন। তাঁর মধ্যেই হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সামনে তোলা একটি ছবি কে কেন্দ্র করে নতুনভাবে তৈরি হয়েছে বিতর্ক।
সূত্রের খবর, সম্প্রতি একটি ছবিতে বিজয়কৃষ্ণ গার্লস কলেজের বাইরে একাধিক যুবক কে ABVP -এর পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কমেন্টে উড়ে আসছে কটাক্ষের বন্যা। একটি 'ওমেনস কলেজ' -এর বাইরে গেরুয়া পতাকা হাতে দাঁড়িয়ে কী বার্তা দিতে চাইলেন এবিভিপির এই যুবকেরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ওমেনস কলেজের সামনে এইভাবে একদল ছাত্রের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। আগামী দিনে কোন দিকে মোড় নেবে কলেজগুলির রাজনীতি? উঠছে প্রশ্ন।

