রাজ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ভোটের আয়োজন করতে আমরা প্রস্তুত, জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের কারণেই বঙ্গের মাটিতে এসে পৌঁছেছে বিপুল সংখ্যার কেন্দ্রীয় বাহিনী। সকল ভোটদাতা যাতে কোনো বাধা ছাড়া নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেই বিষয়টির উপর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব প্রদান করছে ECI । সেই লক্ষ্যেই গৃহীত হয়েছে বিশেষ পদক্ষেপ। বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক মানুষদের ভোটপ্রদানে বিশেষ সহায়তা করছে নির্বাচন কমিশন। তাদের বাড়ি থেকেই ভোট প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে ব্যালট ও ইভিএম নিয়ে পৌঁছে যাচ্ছে ভোটদাতাদের বাড়ি।
সম্পূর্ণ রাজ্যের মতো শুক্রবার সকালে একই ছবি চোখে পড়ল হাওড়ার বালিতে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য ঘর থেকেই ভোট প্রদান করার ব্যবস্থা করে দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোটদাতার ঘরেই ভোটের সরঞ্জাম নিয়ে পৌঁছালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নিজেদের ঘরে বসেই পছন্দের প্রার্থীকে ভোট দিলেন বিশেষভাবে সক্ষম ও বয়স্ক ব্যক্তিরা। শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘরে থেকে ভোট দেওয়ার এই বিশেষ সুবিধাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। আজ যে সমস্ত ভোটদাতারা হাওড়ার বালিতে ভোট দিয়েছেন, তাদের একজনকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘ঘরে বসেই ভোট দিতে পারব ভাবিনি। তবে, কোন ঝক্কি ছাড়া এভাবে ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রশংসনীয়।‘
আগামী কয়েকদিনও একইভাবে হাওড়া শহরের বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটের সরঞ্জাম নিয়ে প্রাপ্তবয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ঘরে পৌঁছে যাবে নির্বাচন কমিশন। যাতে, তাঁরা সকলেই কোনও সমস্যা ছাড়া নিজেদের ভোট প্রদান করতে পারেন।
