তথাগত ঘোষ, হাওড়া: নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিন পরেই বোমার শব্দে কেঁপে উঠেছিল শিবপুরের চওড়া বস্তি। মুহুর্মুহু বোমাবর্ষণের সঙ্গে চলেছিল বেশ কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিল সম্পূর্ণ শহর। মধ্য হাওড়ার এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছে শামিম আহমেদ ওরফে বড়ের নাম। স্থানীয় এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত এই ব্যক্তি এখনও পর্যন্ত পলাতক। এই বড়ের ঘর তল্লাশি করতে গিয়েই প্রকাশ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি।
সোমবার শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালায় শিবপুর থানার পুলিশ। ঘরের ভিতরেই রয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের নীচে নেমেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়! সুরঙ্গের মধ্যে কার্যত পাকাপাকি থাকার এলাহি বন্দবস্ত। রয়েছে একাধিক ঘর। এমনকি পালানোর রাস্তাও করা রয়েছে। তবে, সবচেয়ে বেশি অবাক করবে ঘরগুলির বিলাসবহুল আসবাবপত্র ও চোখধাঁধানো ইন্টিরিয়ার। রয়েছে দুর্দান্ত ডিজাইনের মূল্যবান খাট, দামি আলমারি। ঘরগুলির সাজসজ্জার পিছনেও খরচ করা হয়েছে বিপুল অর্থ। বাথরুমের বাথটাবটিও অত্যন্ত মূল্যবান। তল্লাশি চালাতে গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন পুলিশকর্মীরা।
প্রসঙ্গত, শিবপুরে চওড়া বস্তিতে হওয়া বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত শামীম আহমেদ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন কে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে, শামিম এখনও পলাতক। এখন প্রশ্ন হল, এই ধরনের বিলাসবহুল বাড়ি তৈরি করার অর্থ কোথা থেকে পেলেন তিনি? এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিতি শামিম। তাঁর আয়ের উৎস সম্পর্কেও স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। এই ধরনের ব্যয়বহুল বাসভবন অসদ উপায়েই তৈরি করা হয়েছে বলে আনুমান করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। শামীমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
