শুক্রবার ভোররাতে হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, ভোররাতে তিনটি নাগাদ ঘুসুড়ি জে. এন. মুখার্জী রোডে অবস্থিত হনুমান জুট মিল চত্বরে এক বিধ্বংসী আগুনের সৃষ্টি হয়। মিলের অভ্যন্তরে থাকা ২৫ নম্বর গুদামটিতে এই আগুন লাগে। জুটমিল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই গুদামটিকে মূলত রাখির গুদাম হিসেবে ব্যবহার হতো। প্রথমে স্থানীয়রাই এই অগ্নিকাণ্ড দেখতে পান। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। গুদামের শাটার বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় কর্মীদের, শেষমেশ শাটার ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং জলের জোগান বজায় রাখতে কাছেই থাকা গঙ্গা নদী থেকে মোটর পাম্পের সাহায্যে জল তুলে নেভানোর কাজ চালানো হয়।
বেশ কিছু সময় ধরে প্রচেষ্টা চালানোর পর, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় দমহল বাহিনী। বিধ্বংসী আগুনে পুরো গুদামটি ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দমকল কর্মীরা আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়ে উঠেছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। শুরু হয়েছে তদন্ত।
