তথাগত ঘোষ, হাওড়া: শুক্রবার রাতে ক্ষেত্র ব্যানার্জি লেনে ঠাকুর ভাঙচুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। রাতের অন্ধকারে ঠাকুরের মূর্তি ভাঙচুরের ঘটনার অভিযোগে শিবপুরের মালিপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম সাহেব রাজ সিং। অভিযোগের তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকেই সাহেব কে চিহ্নিত করে পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই সাহেব কে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার রাতে মন্দিরতলা থেকে সামান্য দূরত্বে ক্ষেত্র ব্যানার্জি লেনে এই ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে অভিযুক্ত এসে একের পর এক ঠাকুরের মূর্তি রাস্তার উপর ফেলে দেন। ভাঙচুর করেন একাধিক দুর্গামূর্তিও। সকালে রাস্তার উপর মূর্তিগুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখে মাথায় হাত পড়ে মৃৎশিল্পীর। তিনি দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, অভিযুক্তের বাড়ি গোলাম হোসেন সর্দার লেনে।
এই প্রসঙ্গে মৃৎশিল্পী অচিন্ত্য ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমি পুলিশ অভিযোগ জানানোর পর ওনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে, এই ঘটনার কারণে ৫০ থেকে ৬০ হাজার টাকার লোকসান হয়ে গিয়েছে। ছোট বড়ো মিলিয়ে প্রায় ২০ টি ঠাকুর ভেঙে গিয়েছে। কাজ অনেক পিছিয়ে গিয়েছে। আবার নতুন করে করতে হবে। একটি প্রতিমা আগামীকাল একজনের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেটিও ভেঙে গিয়েছে। সকাল থেকে খুব মন খারাপ। তবে, কাজ ফেলে রাখতে পারব না। দুর্গাপুজোর দিন এগিয়ে আসছে।
যদিও, অভিযুক্ত কেন এই কাজ করেছেন এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের জিজ্ঞাসাবাদ চলছে। তবে, প্রাথমিকভাবে অনুমান পুরানো কোনও শত্রুতা থেকে অভিযুক্ত এই কাজ করেছেন। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘শহরে ঠাকুরের প্রতিমা ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। এই বিষয়টিকে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েক বছর আগেও এই এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সম্পূর্ণ বিষয়টি বিশদে খতিয়ে দেখা হচ্ছে।‘
এই ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃৎশিল্পীরাও ঘটনাটির কারণে দুশ্চিন্তায় পড়েছেন। দুর্গাপুজোর কয়েকদিন আগে এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।
