গত কয়েকদিন ধরেই বৃষ্টিভেজা অবস্থায় রয়েছে হাওড়া শহর। সকাল, বিকেল, সন্ধ্যা প্রায়সই বৃষ্টি আসতে দেখা যাচ্ছে। কিন্তু, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ফলে, বৃষ্টি মাথায় করেই নির্বাচনী প্রচারে বেরিয়েছেন প্রার্থীরা। এই ক্ষেত্রে ব্যতিক্রম নন, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরীও। তিনি, বৃষ্টি মাথায় করে নিয়েই বেরিয়েছিলেন নির্বাচনী প্রচার সারতে। কিন্তু, সেই প্রচারের ছবি ঘিরেই বিতর্ক।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, নির্বাচনী প্রচারের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নন্দিতা। সেখানেই দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী বৃষ্টির জলের হাত থেকে বাঁচাতে তৃণমূল প্রার্থীর মাথায় ছাতা ধরে আছেন। এক নয়, একাধিক ছবিতে রয়েছে একই দৃশ্য। পুলিশকর্মীর গায়ে রয়েছে রাজ্য পুলিশের উর্দি, কাঁধে ব্যাজও রয়েছে। খুঁটিয়ে না দেখলে, নির্বাচনী প্রচারে তিনি রাজ্যের শাসকদলের অংশ হয়ে উঠেছেন বলে ধারণা তৈরি হতে পারে।
ইতিমধ্যেই নেটদুনিয়ায় এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পুলিশের দায়িত্ব রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। কিন্তু, এই ছবি অত্যন্ত দৃষ্টিকটূ। নির্বাচনের আবহে উর্দি পরিহিত অবস্থায় একজন পুলিশকর্মীকে এই কাজ করতে দেখা, একদমই শোভা পায় না।
প্রসঙ্গত, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরীর ব্যক্তিগত ফেসবুক পেজেই রয়েছে এই ছবি। এক নয়, ছবির সংখ্যা একাধিক। ছাব্বিশের নির্বাচনের আগে বর্তমানে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের কারণে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্য পুলিশ। নির্বাচনের আগে একাধিক শীর্ষ পদে করা হয়েছে রদবদল। ভোটের হাওয়ায় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নির্বাচনে পুলিশের ভূমিকা কি হবে? প্রশ্নের উত্তর খুঁজছেন একটি বড় অংশের সাধারণ মানুষ।
