মঙ্গলবার এসআইআরের পর ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে বাদ পড়েছে নব্বই লক্ষেরও অধিক ভোটারের নাম। সংখ্যাটা কোটি পেরিয়ে যাবে বলে আশঙ্কা করছিলেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে তা হয়নি। যদিও, এই তালিকাকে ঘিরেও একাধিক জটিলতা রয়েছে। বিপুল সংখ্যার বৈধ ভোটারের নামও বাদ গিয়েছে। মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় বাদ পড়েছে সর্বাধিক সংখ্যার ভোটারের নাম। জেলায় জেলায় সর্বত্রই উদ্বেগের ছবি। বৈধ ভোটারদের তালিকায় নাম তোলার জন্য পড়ছে লম্বা লাইন। সবমিলিয়ে ভোটের আগে উদ্বেগপূর্ণ ছবি।
হাওড়া জেলাতেও বিপুল সংখ্যার ভোটারদের নাম বাদ গিয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, হাওড়া জেলায় বাদ পড়া মোট ভোটারদের সংখ্যা ৫৯৫৯১৬ জন। নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা তথ্য অনুসারে, এসআইআরের আগে ভোটার ছিল ৪১৪০৯১২ জন। বিবেচনাধীন অবস্থায় থাকা ভোটারদের তালিকার মধ্যে থেকে বাদ পড়েছে ১৩২১৫১ জনের নাম। সবমিলিয়ে বাদ পড়া ভোটারদের সংখ্যা ৫৯৫৯১৬ । এসআইআরের পর হাওড়া শহরে বৈধ ভোটারদের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৩৫৪৭৬২৮ জন। বৈধ ভোটাররা সকলেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।
তবে, এখনও নাম তোলার জন্য বিপুল সংখ্যার মানুষদের লাইন পড়ছে। লাইনে থাকা অনেকেই অভিযোগ করছেন, অনৈতিকভাবে তালিকা থেকে তাদের নাম মুছে দেওয়া হয়েছে। বড়সড় ঝক্কির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের।
