নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছাত্রছাত্রীদের কুরুচিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হাওড়া শহরের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বেলুড় হাই স্কুলে। এই ঘটনার খবর পেয়ে স্কুল কতৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বেলুড় হাই স্কুলের ভিজুয়াল আর্টস বিভাগের একজন শিক্ষক ছাত্রীদের কুরুচিকর ম্যাসেজ পাঠাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষক কে স্কুল কতৃপক্ষের তরফ থেকে সতর্ক করা হলেও তিনি তা শোনেননি। সতর্ক করার পরেও পুনরায় ছাত্রীদের কু-ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক।
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, ছাত্রছাত্রীরা ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিনে বিষয়টি লিখিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে জানায়। অভিযোগকারী ছাত্রীদের বক্তব্য তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভবন দেখাতেন ওই শিক্ষক। একইসঙ্গে, মডেল হওয়ার লোভ দেখিয়ে আপত্তিকর ছবি পাঠাতে বলতেন। আবার, কখনও কখনও হোয়াটসঅ্যাপে কুরুচিকর মেসেজও পাঠাতেন তিনি।
এই প্রসঙ্গে জানাজানি হওয়ার পর শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘ছাত্রছাত্রীরা প্রথমে এবিষয়ে কথা বলতে চাইছিল না। আমি নিজে উদ্যোগ নিয়ে তিন চার জন কে আমার ঘরে ডেকে পাঠাই। সরাসরি তাঁদের সঙ্গে কথা বলি। তাঁদের এবিষয়ে লিখিত অভিযোগ জমা দিতে নির্দেশ দিই। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষক কে ডেকে পাঠাই এবং দু’দিনের মধ্যে ঘটনার লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিই। এই প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।“
যদিও, ওই শিক্ষকের সঙ্গে সংবাদ সংস্থার তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এই বিষয়ে জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন জানিয়েছেন, বিষয়টি জানার পর স্কুল কতৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
.jpeg)
